নিজস্ব প্রতিবেদক, নাগেশ্বরী (কুড়িগ্রাম):
কুড়িগ্রামের নাগেশ্বরীতে পুলিশের বিশেষ অভিযানে ১ হাজার ১৭০ পিস ইয়াবা ট্যাবলেট, মাদক বিক্রির নগদ ২৬ হাজার ৭৯০ টাকা, একটি ১৫০ সিসি পালসার মোটরসাইকেল এবং চারটি মোবাইল ফোনসহ তিনজনকে গ্রেপ্তার করেছে নাগেশ্বরী থানা পুলিশ।
মঙ্গলবার (৩ নভেম্বর) রাত ১১টার দিকে নাগেশ্বরী পৌরসভার কানিপাড়ার বদিজমাপুর গ্রামের চিহ্নিত মাদক কারবারি রেজাউল করিম রাজুর (৫০) বসতবাড়িতে এই অভিযান চালানো হয়। নাগেশ্বরী সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. গোলাম মোর্শেদের নেতৃত্বে থানা পুলিশের একটি দল এ অভিযান পরিচালনা করে।
গ্রেপ্তারকৃতরা হলেন—১. রেজাউল করিম রাজু (৫০), পিতা-মৃত... (সাং- কানিপাড়া বদিজমাপুর, নাগেশ্বরী)।২. ফজলে মিয়া (৪৮), (সাং- কাজিপাড়া, নাগেশ্বরী)।৩. রাসেল মিয়া (৩৫), (সাং- বালাসিপাড়া, ৭ নম্বর ওয়ার্ড, নাগেশ্বরী পৌরসভা)।
পুলিশের প্রাথমিক ধারণা, গ্রেপ্তারকৃত ব্যক্তিরা দীর্ঘদিন ধরে কুড়িগ্রাম ও লালমনিরহাটসহ সীমান্তবর্তী বিভিন্ন এলাকা এবং রাজধানী ঢাকায় মাদক সরবরাহ ও ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে নাগেশ্বরী সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. গোলাম মোর্শেদ জানান, সিডিএমএস (অপরাধ তথ্য ব্যবস্থাপনা ব্যবস্থা) পর্যালোচনা করে প্রধান আসামি রেজাউল করিম রাজুর বিরুদ্ধে বিভিন্ন থানায় মোট ২০টি মাদক মামলার তথ্য পাওয়া গেছে। এসব মামলা নাগেশ্বরী ও কুড়িগ্রাম থানা, লালমনিরহাট সদর থানা এবং ঢাকা মহানগর পুলিশের ভাটারা থানায় দায়ের করা হয়েছে। এছাড়া অপর আসামি ফজলে মিয়ার বিরুদ্ধে নাগেশ্বরী থানায় একটি মাদক মামলার তথ্য রয়েছে।
তিনি আরও জানান, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নাগেশ্বরী থানায় একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে। তাদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে। মাদকমুক্ত সমাজ গঠনে কুড়িগ্রাম জেলা পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
প্রিন্ট করুন ফটো কার্ড