নাগেশ্বরী (কুড়িগ্রাম) প্রতিনিধি:কুড়িগ্রামের নাগেশ্বরীতে পূর্বশত্রুতার জেরে ঘরে তোলার উপযোগী আমন ধানক্ষেতে কীটনাশক প্রয়োগ করে ৪৮ শতক জমির ফসল পুড়িয়ে নষ্ট করার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী পরিবার গত ২৮ অক্টোবর নাগেশ্বরী থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছে।
ঘটনাটি ঘটেছে নাগেশ্বরী উপজেলার নেওয়াশী ইউনিয়নের পানাকুড়ি চিলারডোবা গ্রামে।
ভুক্তভোগী পরিবারের সদস্য সামিতন বেগম ও নুরজাহান খাতুনের অভিযোগ, পূর্বশত্রুতার জেরে প্রতিপক্ষ মোহাম্মদ আলী তাদের আমন ধানক্ষেতে ক্ষতিকর কীটনাশক প্রয়োগ করেন। এর ফলে সম্পূর্ণ ক্ষেতের ধান পুড়ে নষ্ট হয়ে গেছে, যা তাদের জন্য মারাত্মক আর্থিক ক্ষতির কারণ হয়ে দাঁড়িয়েছে। মাথার ঘাম পায়ে ফেলে ফলানো ফসল এভাবে নষ্ট হওয়ায় দিশেহারা হয়ে পড়েছেন ভুক্তভোগী পরিবারের সদস্যরা।
তারা অভিযুক্ত মোহাম্মদ আলীর বিরুদ্ধে দ্রুত তদন্তসাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন। পাশাপাশি ঘটনার সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচার নিশ্চিত করতে সংশ্লিষ্ট প্রশাসনের সুদৃষ্টি কামনা করেছেন তারা।
এ বিষয়ে নাগেশ্বরী থানার অফিসার ইনচার্জ (ওসি) এনামুল হক জানান, এসংক্রান্ত একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
প্রিন্ট করুন ফটো কার্ড