জালালুর রহমান, মৌলভীবাজার:মৌলভীবাজারের জুড়ীতে অত্যন্ত উৎসবমুখর পরিবেশে শুভ সূচনা হলো ‘শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান নকআউট প্রাইজমানি ফুটবল টুর্নামেন্ট-২০২৬’। গত রবিবার (১ নভেম্বর) বিকেল ৩টায় উপজেলার সোনারুপা চা বাগানের বনশ্রী ক্রীড়াচক্রের উদ্যোগে এ টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
টুর্নামেন্টের প্রধান পৃষ্ঠপোষক ও জুড়ী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মতিউর রহমান চুনুর সার্বিক ব্যবস্থাপনায় আয়োজিত এই টুর্নামেন্টে মৌলভীবাজার জেলার বিভিন্ন উপজেলা থেকে মোট ৩২টি শক্তিশালী দল অংশ নিচ্ছে।
আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে টুর্নামেন্টের উদ্বোধন করেন মৌলভীবাজার-১ (বড়লেখা-জুড়ী) আসনের সংসদ সদস্য আলহাজ্ব নাসির উদ্দিন আহমদ মিঠু।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জুড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা ফজলে রাব্বানী চৌধুরী, সোনারুপা চা বাগানের ব্যবস্থাপক শাহ মোহাম্মদ কামাল, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সমরজিৎ সিংহ, জুড়ী উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি ও গোয়ালবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল কাইয়ুম, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক নাজমুল ইসলাম, উপজেলা কৃষকদলের সভাপতি হাজী আব্দুল কাইয়ুম এবং জুড়ী অনলাইন প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি ও বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন সংস্থা জুড়ী উপজেলা শাখার সভাপতি সাংবাদিক এস এম জালাল উদ্দীন।
এছাড়া উপস্থিত ছিলেন জায়ফরনগর ইউনিয়ন বিএনপি নেতা হাবিবুর রহমান, পূর্বজুড়ী ইউনিয়ন বিএনপির সভাপতি হাজী মুহিত আলী নামর, সাধারণ সম্পাদক সহিবুর রহমান তুয়েল, গোয়ালবাড়ী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক হাজী সুহেল আহমদ, বিএনপি নেতা ফয়ছল আহমদ, হাবিবুর রহমান হাবিব, পূর্বজুড়ী ইউনিয়ন কৃষকদলের সভাপতি আসুক উদ্দিন মাসুকসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও ক্রীড়া সংগঠনের নেতৃবৃন্দ এবং হাজারো ক্রীড়াপ্রেমী দর্শক।
উদ্বোধনী অনুষ্ঠানে আয়োজকরা জানান, স্থানীয় পর্যায়ে ফুটবলের বিকাশ, তরুণ ও উদীয়মান খেলোয়াড়দের প্রতিভা অন্বেষণ এবং উদীয়মান তরুণদের খেলাধুলায় উদ্বুদ্ধ করতেই এই আয়োজনের উদ্যোগ নেওয়া হয়েছে। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এই টুর্নামেন্ট স্থানীয় ক্রীড়াঙ্গনে এক নতুন উদ্দীপনা সৃষ্টি করবে বলে আশা প্রকাশ করেন তাঁরা।